জুলাইয়ে আহত ও নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে: ফারুক-ই- আজম
জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি জানান, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না হয়েও নিহত হয়েছেন এমন অনেক ব্যক্তির নাম "জুলাই শহীদ" হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, যা শিগগিরই গেজেট থেকে বাতিল করা হবে। একইভাবে আহতদের তালিকাও পুনরায় যাচাই করা হবে।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর জহুর হোসেন চৌধুরী হলে পেনিনসুলা ডেভেলপমেন্টের উদ্যোগে প্রকাশিত শিশু-কিশোরদের মাসিক পত্রিকা ‘মুগ্ধ জুলাই’-এর বিশেষ সংখ্যা উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ফারুক-ই-আজম বলেন, 'জুলাইয়ের স্মৃতি অম্লান রাখতে সরকার কাজ করছে। ‘জুলাই যোদ্ধা’দের জন্য একটি অধ্যাদেশ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন অধিদপ্তর গঠনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।'
তিনি জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে কেবিনেট সচিবালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়। এরপর জানুয়ারির মাঝামাঝি সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদদের একটি তালিকা আসে, যা গেজেট আকারে প্রকাশ করা হয়। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আহতদের তালিকাও পাওয়া যায় এবং তাৎক্ষণিকভাবে তা গেজেটভুক্ত করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরও বলেন, '১৯৭১ সালের শহীদ ও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা আজও হয়নি। ২০০৫ সালে মাত্র ৫৩৫ শহীদের একটি তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। জুলাই শহীদ ও যোদ্ধাদের ক্ষেত্রেও যেন এমন অসম্পূর্ণতা না থাকে, সে কারণে এবার আমরা অতিদ্রুত ও সতর্কভাবে যাচাই-বাছাই করছি।'
তিনি জানান, আহতদের জন্য মাসিক ভাতা ও পুনর্বাসন ব্যবস্থার বিষয়েও সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
সচিবালয় ও মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফারুক-ই-আজম বলেন, 'আগে সচিবালয়কে আমরা কেবল বাইরে থেকে জানতাম। দায়িত্বে এসে দেখছি, এসব ব্যবস্থার জরুরি সংস্কার দরকার। কারণ, সাধারণ মানুষের উপকারের জন্য এগুলো গড়ে ওঠেনি। সংস্কারের মাধ্যমে জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে পারে।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে