নুরুল হুদার সঙ্গে মব জাস্টিসের ঘটনা ‘দুঃখজনক’: রিজভী
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে মব জাস্টিসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এ ঘটনাকে ‘নিঃসন্দেহে দুঃখজনক’ বলে আখ্যা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সোমবার (২৩ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিজভী বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়া কারও উচিত নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে।’
তিনি জোর দিয়ে বলেন, যেকোনো পরিস্থিতিতে বিএনপি কখনোই বেআইনি আচরণকে সমর্থন করে না।
আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ওই ঘটনার সময় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করেন রিজভী। বিএনপির এই নেতা প্রশ্ন তোলেন, ‘এই ধরনের স্পর্শকাতর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা সরকারের দায়িত্ব। সেখানে সবসময় গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকে। তাদের নজরদারির মধ্যে এমন ঘটনা কীভাবে ঘটতে পারে?’
রিজভী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল এই পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন যে, দলের কোনো সদস্য কোনো ধরনের অশান্তি, ভাঙচুর বা বেআইনি কার্যকলাপে কাজে জড়িত না হয়।’
রিজভী উল্লেখ করেন, শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিএনপি কঠোর ব্যবস্থা নিয়েছে।
তিনি আরও বলেন, ‘দলের সহস্রাধিক কর্মী শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তির মুখোমুখি হয়েছেন, যার মধ্যে বহিষ্কার, সতর্কীকরণ এবং কারণ দর্শানোর নোটিশ রয়েছে। এটি প্রমাণ করে বিএনপি শান্তি, গণতন্ত্র এবং ন্যায়বিচারের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে।’
সবশেষে সরকারের প্রতি এই ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান রিজভী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে