Views Bangladesh Logo

বাংলা কিউআরে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে মিলবে প্রণোদনা

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে নতুন প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর ব্যবহার করে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনের বিপরীতে একুয়্যারিং প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠানকে শূন্য দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে।

সার্কুলার অনুযায়ী, জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশের মাধ্যমে সম্পন্ন হওয়া ২ হাজার টাকা পর্যন্ত বাংলা কিউআরভিত্তিক লেনদেনের ক্ষেত্রে মাসিক ভিত্তিতে এই প্রণোদনা দেওয়া হবে। এ সুবিধার আওতায় ব্যক্তিক খুচরা হিসাবের মাধ্যমে নিবন্ধিত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টরাও থাকবেন।

এর ফলে বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার আওতা আগের তুলনায় বাড়ল। এর আগে ১০ আগস্ট জারি করা একটি সার্কুলার লেটারের মাধ্যমে বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা চালু করেছিল বাংলাদেশ ব্যাংক। তখন এ সুবিধা নির্দিষ্ট কিছু ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ ছিল।

নতুন সার্কুলারে আগের নির্দেশনার সংশ্লিষ্ট অনুচ্ছেদ পরিবর্তন করে ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টকেও প্রণোদনার আওতায় আনা হয়েছে। ফলে ছোট ও প্রান্তিক ব্যবসায়ীদের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী আরও বিস্তৃত পরিসরের ব্যবসাপ্রতিষ্ঠান এ সুবিধার আওতায় আসবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন করে প্রতিস্থাপিত অনুচ্ছেদে উল্লেখ করা শর্ত ছাড়া আগের সার্কুলার লেটারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর পরিচালক মো. শরাফত উল্লাহ খানের সই করা সার্কুলারটি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ