ভেঙে গেল ইনানী নৌবাহিনীর জেটি
কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে বাংলাদেশ নৌবাহিনীর জেটির আংশিক ধসে পড়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে খারাপ আবহাওয়ার কারণে এর সঙ্গে বেঁধে রাখা একটি বার্থের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ডানা’র প্রভাবে সাগর উত্তাল ছিল। গেলো রাত ২-৩টার সময় পূর্ণ জোয়ার ছিল। এ সময় প্রচণ্ড ঢেউয়ে জেটির সঙ্গে বাঁধা একটি ছোট বার্জের ধাক্কায় জেটিটি ভেঙে পড়ে।
সেখানকার চায়ের দোকানদার আব্দুল মজেদ বলেন, ‘ওই সময় জেটি বা বার্থে কেউ ছিল না এবং বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ঘটনাস্থলে কেউ আসেনি।’
২০২০ সালে বাংলাদেশ নৌবাহিনী এই জেটি নির্মাণ করে। তবে জেটিটি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত বিভক্ত করায় পরিবেশবিদরা দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে আসছেন।
২০২২ সালে কক্সবাজার নাগরিক ফোরামের এক পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে জেটি সরানোর নির্দেশ দেন। তবে এখনো জেটি সরানো হয়নি।
এদিকে, গত বছর থেকে এই জেটি ব্যবহার করে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজ মালিকরা ১ নভেম্বর থেকে পুনরায় পর্যটক পরিবহন শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে