প্যারোল পেলেন না বন্দী মা, কারাফটকে নেয়া হলো বিশেষ চাহিদাসম্পন্ন তূর্যর মরদেহ
সন্তানের অসুস্থতার কথা জানিয়ে বারবার মুক্তির আকুতি জানিয়েছিলেন মা। বলেছিলেন, সারা রাত ওষুধ দিতে হয় ছেলেকে, মা-বাবা ছাড়া তার দেখাশোনা করার কেউ নেই। কিন্তু ছেলের শেষ সময়ে পাশে থাকতে পারেননি তিনি। কারাগারের বন্দিদশায় থাকা সেই মাকে শেষবারের মতো ছেলের মুখ দেখানো হলো কারাফটকে।
১৫ বছর বয়সী নিসর্গ হোসেন তূর্য মারা গেছে শুক্রবার রাত ১১টার দিকে। সে ছিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। ছেলের মৃত্যুর পর শনিবার দুপুর ১২টার দিকে তার মরদেহ নেওয়া হয় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে। সেখানে কারাবন্দী মা শারমিন সুলতানা শর্মী শেষবারের মতো সন্তানের মুখ দেখেন।
শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে তাদের দেখা হয়েছে। এরপর তারা সেখান থেকে ফিরে যাচ্ছেন।
এর আগে শনিবার বেলা ১১টার দিকে শাহাদাৎ হোসেন জানিয়েছিলেন, কারা কর্তৃপক্ষ তাকে বলেছে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির কারণে শারমিনকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয়। তাকে বাইরে নেওয়ার মতো পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে না। তবে কারাফটকে সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হবে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্তান হারানোর পর শেষবারের মতো তার মুখ দেখানোর জন্য আবেদন করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় নিরাপত্তা নিশ্চিত করে প্রায় দুই মিনিটের জন্য কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হয়।
শারমিনের সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে মায়ের আগের একটি ভিডিও। সেখানে ছেলের অসুস্থতার কথা বলতে গিয়ে তাকে মুক্তির আকুতি জানাতে শোনা যায়।
ভিডিওতে শারমিন বলেছিলেন, “আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া দেখার কেউ নেই।” তিনি আরও অভিযোগ করেছিলেন, তাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। তিনি অপরাধী হলে বাসায় থাকতেন না বলেও ভিডিওতে দাবি করেন।
মৃত্যুর আগে তূর্যের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে সে বলেছিল, “আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।”
গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শারমিন ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
একদিকে অসুস্থ সন্তানের চিকিৎসা ও দেখাশোনা নিয়ে মায়ের উদ্বেগ, অন্যদিকে কারাবন্দি অবস্থায় সন্তানের মৃত্যু—সবশেষে দীর্ঘ অপেক্ষার পর কারাফটকে মাত্র দুই মিনিটের দেখা।
মতামত দিন