Views Bangladesh Logo

রংপুর মেডিকেলে গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীর কারাবন্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম (৬০) আজ রোববার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, শামিকুল ইসলাম ভাঙচুর ও মারামারি মামলায় গত ১৮ অক্টোবর কারাগারে আসেন। তার আগে থেকেই তিনি হৃদরোগ ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন।

জেলা জেল সুপার আরও জানিয়েছেন, গতকাল শনিবার রাতে শামিকুল অস্বস্তি বোধ করলে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্সে পাঠানো হয়। ভোরের দিকে সেখানে তিনি মারা যান।

রমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. হরিপদ সরকার জানিয়েছেন, শামিকুলকে রাত ২টা ৫০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট ও ব্যথা দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫০ মিনিটে তিনি মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ উপস্থিতিতে শামিকুলের লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শামিকুল ইসলাম পলাশবাড়ী পৌর শহরের বৈরীহরিণমারী এলাকার মৃত আবদুর জব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে একটি মামলায় তিনি ৮ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন এবং পরে জামিন পান। পরবর্তীতে আরেকটি মামলায় আবারও গ্রেপ্তার করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ