Views Bangladesh Logo

ইমপ্রেসের ঈদ চমক: ওটিটিতে ‘সারার সংসার’, প্রেক্ষাগৃহে ‘মাসুদ রানা’

বাংলা থ্রিলার সাহিত্যের কিংবদন্তি লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্টিকর্ম এবার দর্শকদের সামনে আসছে দুই ভিন্ন আঙ্গিকে। তার জনপ্রিয় উপন্যাস থেকে নির্মিত ওয়েব ফিল্ম ‘সারার সংসার’ ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ওটিটিতে। আর ঈদকে ঘিরে বড়পর্দায় মুক্তি পেয়ছে বহুল আলোচিত স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

এই দুই নির্মাণের ধরণ ও উপস্থাপনায় ভিন্নতা থাকলেও তাদের মধ্যে রয়েছে একটি বিশেষ মিল। দুটি কাজই নির্মিত হয়েছে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গল্প ও চরিত্রকে কেন্দ্র করে। একদিকে পারিবারিক আবহ ও আবেগঘন গল্পে নির্মিত হয়েছে ‘সারার সংসার’; অন্যদিকে রোমাঞ্চ, রহস্য আর গুপ্তচরবৃত্তির উত্তেজনা নিয়ে মুক্তি পেয়েছে ‘মাসুদ রানা’। তবে ভিন্ন ধারার এই দুই প্রযোজনার পেছনেই রয়েছে দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম-এর সম্পৃক্ততা, যা দর্শকদের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ স্ট্রিমিং শুরু হয়েছে ‘সারার সংসার’ গত ২৬ মে থেকে । কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত এই ওয়েব ফিল্ম পরিচালনা করেছেন আকা রেজা গালিব। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও মডেল সাদিয়া ইসলাম মৌ।

নির্মাতা সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, ‘সারার সংসার’ শুধু থ্রিলার নয় বরং একজন মায়ের কঠিন মানসিক সংগ্রাম, পারিবারিক টানাপোড়েন এবং একটি ভুলের ভয়াবহ পরিণতির গল্প। ওয়েব সিনেমাটিকে ঘিরে ইতোমধ্যে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। কারণ, এটি শুধু একটি পারিবারিক গল্প নয়; এর ভেতরে রয়েছে থ্রিলার ও সাসপেন্সের শক্তিশালী আবহ। গল্পে দেখা যাবে, মৌ অভিনীত সারা চরিত্রটি এক রাতে ঘটনাক্রমে তাঁর মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলে। পরে মেয়ের সম্মান রক্ষার জন্য পুরো ঘটনাটি গোপন রাখার চেষ্টা করে সে। পরিস্থিতি সামাল দিতে লাশ সরিয়ে ফেললেও বিপদ আরও বাড়তে থাকে। নিখোঁজ ব্যক্তির খোঁজে পুলিশ তদন্ত শুরু করলে একের পর এক জটিলতা তৈরি হয়। পরিবার, অপরাধবোধ, আতঙ্ক ও রহস্য– সব মিলিয়ে গল্পটি এগিয়ে যায় টানটান উত্তেজনায়। ‘সারার সংসার’ ওয়েব সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু।

অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’। বাংলা সাহিত্যের জনপ্রিয়তম স্পাই চরিত্রগুলোর অন্যতম এই নায়ককে এবার বড়পর্দায় তুলে আনছেন অভিনেতা রাসেল রানা। সিনেমাটিতে তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পূজা চেরীকে। ষাটের দশকে কাজী আনোয়ার হোসেনের হাত ধরে জন্ম নেওয়া ‘মাসুদ রানা’ চরিত্রটি শুরুতে আন্তর্জাতিক স্পাই চরিত্র জেমস বন্ডের আদলে নির্মিত হলেও সময়ের সঙ্গে এটি বাংলা সাহিত্যে গড়ে তোলে নিজস্ব স্বতন্ত্র পরিচয়। রোমাঞ্চ, গুপ্তচরবৃত্তি, রহস্য আর অ্যাকশনে ভরপুর এই সিরিজের চার শতাধিক বই এখনও বহু প্রজন্মের পাঠকের কাছে সমানভাবে জনপ্রিয় ও আকর্ষণীয়।

টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মাসুদ রানা’। বিশেষ করে কেন্দ্রীয় চরিত্রে নতুন মুখ রাসেল রানার উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল ও আগ্রহ বাড়িয়ে দিয়েছে। অনেকেই তাকে ‘কমপ্লিট প্যাকেজ হিরো’ হিসেবে অভিহিত করছেন, আবার কেউ কেউ বাংলা চলচ্চিত্রে নিয়মিতভাবে তাকে দেখতে চাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। নতুন এই নায়ককে ঘিরে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া সিনেমাটির প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ