ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
সাতদিন ঈদের ছুটি শেষে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ সভাপতি আমিনুল হক জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ব্যবসায়ী, সি অ্যান্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারি এবং শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত রয়েছে। লম্বা ছুটির কারণে সীমান্তের দুইপাশে পণ্যজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস শুরু হওয়ায় পণ্যজট আস্তে আস্তে কমতে শুরু করবে।
বন্দরের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়া পর দুপুর ১২টা পর্যন্ত ভারত থেকে ৫৮ ট্রাক পণ্য আমদানি এবং ২৪ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আমদানি-রপ্তানি টানা সাতদিন বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে