চলতি সপ্তাহে দেশে আসবে ভারতীয় ডিম: বাণিজ্যমন্ত্রী
চলতি সপ্তাহে আমদানি করা ভারতীয় ডিমের প্রথম চালান দেশে আসবে। যার পরিমাণ ৩ কোটি পিস বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি আরও বলেন, আমদানি প্রক্রিয়ায় কিছু জটিলতার কারণে ডিম আনতে দেরি হয়েছে। ১৫ প্রতিষ্ঠানের মধ্যে এখন পর্যন্ত ৭টি ঋণপত্র খুলেছে।
রবিবার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে অক্টোবর মাসের জন্য টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের পর তিনি এসব তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে আলু ও ডিমের নির্ধারিত দাম কার্যকর করা যাচ্ছে না। তবে বাজারে নির্ধারিত দরে মিলছে সয়াবিন তেল।
মন্ত্রী বলেন, এখন পর্যন্ত আলু আমদানির অনুমতি দেওয়া হয়নি। প্রয়োজনে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আলুও আমদানি করা হবে।
তিনি আরও বলেন, ভারতীয় পেঁয়াজের ওপর ৪০ শতাংশ শুল্ক বৃদ্ধির কারণে পেঁয়াজের দরও কার্যকর হচ্ছে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে