Views Bangladesh Logo

ভারত থেকে আলু-পেঁয়াজ আমদানি বন্ধ

নিজ দেশে দাম বাড়ায় আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি।

এক দিনের ব্যবধানে কেজিতে আলুর দাম বেড়েছে ১০ টাকা। এর ফলে হিলি স্থলবন্দর এলাকায় ভারতীয় আলু ৭০ টাকা এবং দেশি আলু ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। তবে সোমবার আগের বুকিং করা ২ ট্রাক আলু আমদানি হয়েছে।

সর্বশেষ রোববার (২৪ নভেম্বর) হিলি স্থলবন্দর দিয়ে ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিক টন পেঁয়াজ ও ৭২ ট্রাকে দুই হাজার মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এরপর রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন রপ্তানিকারক বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় হঠাৎ করে পেঁয়াজ ও আলুর দাম বেড়ে যাবার কারণে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা বৈঠক করব সরকারের প্রতিনিধির সাথে যাতে অন্য রাজ্য থেকে হলেও বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি করতে পারি। এ ছাড়াও আমাদের যেসব গাড়ি লোডিং অবস্থায় রয়েছে সেগুলোর স্লট বুকিং না দিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে পণ্য আমদানি করতে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের স্লট বুকিং নিতে হয় যা অনলাইন সিস্টেমে। হঠাৎ করে রোববার অনলাইন সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে জানান ভারতের রপ্তানিকারকরা। ফলে স্লট বুকিং দিতে পারছি না আমরা। যার কারণে পেঁয়াজ ও আলু আমদানিতে শঙ্কা দেখা দিয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি তবে আগের বুকিং করা আলু সোমবার এসেছে দুই ট্রাক। স্লট বুকিং খুলে না দেওয়ায় মঙ্গলবার থেকে আলু ও পেঁয়াজ বন্দর দিয়ে আমদানি হচ্ছে না।

উল্লেখ, স্লট বুকিং বন্ধের ফলে পশ্চিমবঙ্গে সঙ্গে যুক্ত সকল স্থলবন্দর দিয়ে এই পণ্য দুটি আমদানি বন্ধ থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ