দ্রুত রিটার্ন পাওয়া যাবে এমন প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর
যেসকল জনকল্যাণমূলক প্রকল্প থেকে দ্রুত রিটার্ন পাওয়া যাবে সেসকল প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর শের-ই বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী পরিষদের (একনেক) প্রথম বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সত্যজিত কর্মকার।
এ সরকারের প্রথম একনেক এবং চলতি অর্থবছরের (২০২৩-২৪) সপ্তম একনেক সভায় ১০ টি প্রকল্প উত্থাপিত হয়। এরমধ্যে অনুমোদন পায় ৯ টি, বাদ পড়ে ১ টি ও ১ টি প্রকল্পের অর্থায়ন বাড়ানোর অনুমোদন দিয়েছেন একনেক সভাপতি।
একনেকে অনুমোদিত বাজেটের পরিমাণ ৪ হাজার ৪৫৩ কোটি ২১ লাখ টাকা। এরমধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৯০৯কোটি টাকা, সংস্থা থেকে ২৯০ কোটি এবং প্রকল্প ঋণ থেকে ২৫৪ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পের কাজ যেন আটকে না থাকে এবং দীর্ঘায়িত না হয় সেদিকে নজর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'জলবায়ু পরিবর্তনসহ যেসকল বিষয়ে ঋণ আসার কথা রয়েছে সেগুলো যেন দ্রুত পাওয়া যায় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে এগুলো পাইপলাইনে যেন আটকে না থাকে এবং বাস্তবায়ন দীর্ঘায়িত না হয় তা নিশ্চিত করতে হবে।'
উত্থাপিত প্রকল্পগুলোর মধ্যে চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়নি। তবে ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট এবং ঢাকা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদন পাওয়া অন্যান্য প্রকল্পগুলো হলো:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্ৰণালয়ের ইন্টিগ্রেটিং ক্লাইমেট চেন্জ এডাপশন ইনটু সাসটেইনেবল ডেভেলপমেন্ট পাথওয়েস অব বাংলাদেশ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএইউ) এর অধীনে সুপার স্পেশিয়ালাইজড হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়।
বিদ্যুৎ বিভাগের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো) এলাকার জন্য স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং (২য় পর্যায়), দুর্নীতি দমন কমিশনের প্রস্তাবিত দুদকের খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল এবং সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং পরিকল্পনা বিভাগের আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি): প্রজেক্ট কোঅর্ডিনেশন এন্ড মনিটরিং ইউনিট (পিসিএমইউ) (৪র্থ সংশোধিত) প্রকল্প। এছাড়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চলমান সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) (৩য় সংশোধিত) প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে