ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালে তাৎক্ষণিক ব্যবস্থা
ঈদে লক্কড়-ঝক্কড় বাস নামালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে রাস্তায় লক্কড়-ঝক্কড় বাস নামানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর বৃহত্তর বাস টার্মিনালে ‘ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক-শ্রমিক মতবিনিময় সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, কোনোভাবেই বাসের ছাদে যাত্রী নেওয়া, অতিরিক্ত গতি বা অসুস্থ চালক দিয়ে গাড়ি চালানো যাবে না। বাস টার্মিনালে হেল্পডেস্ক রাখা হবে, যেখানে ভাড়া তালিকা ও সময়সূচি প্রদর্শিত থাকবে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি বা যাত্রী হয়রানির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, নিরাপত্তা জোরদারে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশন এলাকায় ৮০০ থেকে ৯০০ অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া সাদা পোশাকের পুলিশ, ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াট টিম ও ডগ স্কোয়াড দায়িত্ব পালন করবে। ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে আইন প্রয়োগে ম্যাজিস্ট্রেট টিমও মাঠে থাকবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, সরকার ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। এতে যাত্রীর চাপ কয়েক দিনে ভাগ হবে। ১৬ থেকে ২০ মার্চ প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ লাখ মানুষ ঢাকা ছাড়তে পারবেন। ঈদে ঢাকায় প্রবেশকারী যাত্রীর সংখ্যা ২০ থেকে ২৫ লাখ হবে। এই চাপ সামাল দিতে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল সীমিত রাখা হবে বলেও তিনি জানান। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের অপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক মহাসড়কে নামানো হবে না।
মো. সারওয়ার বলেন, পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।
সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে