বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ: আইএমএফ
চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৩ দশমিক ৫ শতাংশ হারে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির একটি প্রতিনিধি দল সম্প্রতি ঢাকা সফর শেষ করার পর আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই পূর্বাভাস জানানো হয়।
বাংলাদেশ সরকারের নতুন ঋণ কর্মসূচির আবেদনের প্রেক্ষাপটে আইএমএফের প্রতিনিধি দল ঢাকা সফরে আসে। বিবৃতিতে সংস্থাটি জানায়, এই সফর দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি পর্যালোচনা এবং সরকারের সংস্কার-অগ্রাধিকার নিয়ে আলোচনার একটি সুযোগ তৈরি করেছে।
আইএমএফ বলছে, রাজস্ব আদায়, আর্থিক খাত ও মূল্যস্ফীতি সংক্রান্ত বড় চ্যালেঞ্জের মুখে এখনো আছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এই চাপকে আরও তীব্র করেছে বলে সংস্থাটির পর্যবেক্ষণ—এর জেরে আমদানি ব্যয় ও ভর্তুকি খরচ বেড়েছে, আর ব্যাংকিং খাতে নানামুখী চাপের মধ্যেই নতুন করে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
এর আগে গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনে।
সংস্কার কার্যক্রম জোরদার করে রাজস্ব আদায় বাড়ানো এবং ব্যাংকিং খাতের দুর্বলতাগুলো দূর করা গেলে মধ্যমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি সম্ভব বলে মনে করছে আইএমএফ।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ও নীতিগত অগ্রাধিকার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে 'গঠনমূলক আলোচনা' করেছে আইএমএফের প্রতিনিধি দল। নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য কাঠামো, ঋণের আকার এবং তার সঙ্গে যুক্ত সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে আগামী কয়েক মাস আলোচনা চলবে বলেও জানানো হয়েছে।
মতামত দিন