Views Bangladesh Logo

সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ইমামের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে একটি মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আমির হোসেন (৪৩) দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা এবং মসজিদের দোতলার একটি কক্ষে থাকতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার বিকেলে আসরের নামাজে ইমামতি করেছিলেন আমির হোসেন। তবে মাগরিব ও এশার নামাজের সময়ও মসজিদ তালাবদ্ধ দেখে মুসল্লিদের সন্দেহ হয়। পরে তারা মসজিদের দোতলার জানালা দিয়ে উঁকি দিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ইমামের লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে রাতে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমেদ বলেন, লাশ উদ্ধারের সময় ফ্যানের হুকের সঙ্গে সবুজ রঙের একটি কাপড় তার গলায় প্যাঁচানো ছিল এবং নিচে একটি মই পড়ে ছিল। এছাড়া আমির হোসেনের কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে পারিবারিক কলহের কিছু বিষয় উল্লেখ রয়েছে।

এ ব্যাপারে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি তার নিজের লেখা কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ