Views Bangladesh Logo

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সুনামগঞ্জে ইমাম গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া হুমায়ুন আহমেদ (৩০) উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের বাসিন্দা। তিনি রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদে ইমামতি করার সময় পাশের বাড়ির দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে গত ২৪ মে রাতে মসজিদসংলগ্ন নিজের কক্ষে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বিষয়টি কাউকে না বলার জন্য ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ রয়েছে।

মামলায় আরও উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই হুমায়ুন আহমেদ নিজের বাসায় আবারও ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে স্ত্রীকে তালাক দিয়ে ভুক্তভোগীকে বিয়ে করার আশ্বাস দিলেও বিয়ের জন্য চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখান।

এ ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি বিশ্বম্ভরপুর থানায় নথিভুক্ত করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ