চকরিয়ায় মসজিদের কক্ষে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মসজিদ-সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইমামের নাম মোহাম্মদ ইদ্রিস। তিনি রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী গ্রামের বাসিন্দা এবং পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে ইমামকে না পেয়ে তার কক্ষে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, ইমাম ইদ্রিস কক্ষের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন। কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, কক্ষটি ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকানো ছিল এবং বাইরে থেকে কেউ প্রবেশ করেছে এমন কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে