ইলিয়াস আলী হত্যাকাণ্ড 'আনপানিশড’ যাবে না: স্পিকার
২০১২ সালে বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় এখনো সঠিক বিচার না হওয়ায় জাতীয় সংসদে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদে ‘পয়েন্ট অব অর্ডার’ আকারে বিষয়টি উত্থাপন করা হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ইলিয়াস আলীর হত্যাকাণ্ড ‘আনপানিশড’ যাবে না। ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে নিখোঁজ হন। তার স্ত্রী, সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত নোটিশ দিয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাতে পারেন।
স্পিকার সংসদে বলেন, “ইলিয়াস আলী আমাদের অত্যন্ত প্রিয় স্বজন এবং দেশের উঠতি জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। তার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে।”
এর আগে সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু সংসদে দাঁড়িয়ে অভিযোগ তোলেন যে, ইলিয়াস আলীকে হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলা হয়েছে।
তিনি বলেন, “ইলিয়াস আলীকে তুলে নিয়ে র্যাব-১ সদর দপ্তরে রাখা হয়েছিল এবং পরে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়। এটি একটি আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ।”
দুলু আরও উল্লেখ করেন, ইলিয়াস আলীর স্ত্রী শিশুসন্তানকে সঙ্গে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যেখানে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে ইলিয়াস আলীকে দ্রুত ফিরিয়ে আনা হবে। তবে সে আশ্বাস বাস্তবায়িত হয়নি।
স্পিকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করে বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য তাহসিনা রুশদী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত নোটিশ দিতে পারেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও অনুরূপ মামলায় কীভাবে ব্যবস্থা নেওয়া হয়, সেই রেফারেন্সেও আমরা পদক্ষেপ নিতে পারি।
এ প্রসঙ্গে স্পিকার সংসদে সবাইকে স্মরণ করান যে, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া কেবল একটি রাজনৈতিক বিষয় নয়, এটি মানবাধিকার ও আন্তর্জাতিক নীতি সম্পর্কিত একটি গুরুতর বিষয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে