দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। রোববার সকালে তিনি ঢাকায় পৌঁছান বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সফরে আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হোংবো। এ ছাড়া আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরে বাংলাদেশে শ্রমমান উন্নয়ন, কর্মপরিবেশের উন্নতি, শ্রমিক অধিকার, সামাজিক সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শ্রমবাজার-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে তৈরি পোশাক খাত, অনানুষ্ঠানিক শ্রমবাজার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে।
পশ্চিম আফ্রিকার দেশ টোগোর নাগরিক গিলবার্ট এফ. হোংবো ২০২২ সালের অক্টোবরে আন্তর্জাতিক শ্রম সংস্থার ১১তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন। আইএলওর শতবর্ষের ইতিহাসে তিনিই প্রথম আফ্রিকান মহাপরিচালক।
মতামত দিন