Views Bangladesh Logo

অসুস্থতা এখন দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ: জুবাইদা রহমান

রাজধানীর কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তি এলাকায় বসবাসকারী প্রায় ৪২.৬ শতাংশ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য স্থানীয় ফার্মেসির ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (৫ মে) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, অসুস্থতা এখন দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, বরং এটি নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় অনেক মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

সভায় ‘ঢাকা-১৭ আসনে স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠা’ বিষয়টি নিয়ে আলোচনা হয়। ডা. জুবাইদা রহমান বলেন, শহরের এই বস্তি এলাকাগুলোর বাসিন্দারা মূলত পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তারা এখনো পিছিয়ে।

তিনি জানান, দেশে স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ মানুষকে নিজে বহন করতে হয়, যা অনেক পরিবারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়ায়।

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে মানুষের কাছে চিকিৎসা-সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া এবং সরকারি হাসপাতালের সেবা আরও কার্যকর করার আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি হাসপাতালের রোগ নির্ণয় বিভাগ, গ্যাস্ট্রোলিভার সেন্টার এবং ৫০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করেন। পরে আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে সেবার মান নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান। এছাড়া বিভিন্ন মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন আইসিইউতে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়, যা গুরুতর রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা পেতে সহায়ক হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ