চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সিসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা থেকে বুধবার রাত দেড়টা পর্যন্ত সদর উপজেলার সরলা ফুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।
বুধবার (৫ আগস্ট) দুপুরে তিনি জানান, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কারখানাটিতে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর উপায়ে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করা হচ্ছিল। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও গুরুতর ঝুঁকি সৃষ্টি হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে আটক আটজনকে এক থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পাশাপাশি তাদের ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা হয়।
পুনরায় যাতে কারখানাটি একই ধরনের কার্যক্রম চালাতে না পারে, সে জন্য নেসকো-১-এর সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সদর মডেল থানা পুলিশের দুটি দল অংশ নেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ বলেন, পরিবেশদূষণকারী অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।
মতামত দিন