দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, ১৫ আগস্ট আবার লন্ডনে পরীক্ষা
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর সাময়িকভাবে দেশে ফিরছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ। তিনি জানান, ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেশে ফিরছেন তার জামাতা আরিফুল ইসলাম কলিন্স।
লিটন এরশাদ বলেন, এটি স্থায়ীভাবে দেশে ফেরা নয়। আগামী ১৫ আগস্ট লন্ডনে তার চিকিৎসার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার সময় নির্ধারিত রয়েছে। সে কারণে ১৪ আগস্টের আগেই তাকে আবার যুক্তরাজ্যে ফিরে যেতে হবে।
দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। এ পর্যন্ত তাকে প্রায় ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে বলে জানা গেছে। দীর্ঘ চিকিৎসার প্রভাবে তার শারীরিক গঠনে পরিবর্তন এসেছে। সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে তাকে সাদা চুল ও দাড়িতে দেখা গেছে।
লিটন এরশাদ আরও জানান, চিকিৎসায় এখন পর্যন্ত প্রত্যাশিত অগ্রগতি হয়নি। তবে পরিবারের সদস্যরা লন্ডনে তার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করছেন। এর মধ্যেই নিজের ইচ্ছার কথা বিবেচনা করে কয়েক দিনের জন্য তাকে দেশে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিলতার কারণে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে তিনি নিয়মিত কেমোথেরাপিসহ বিশেষায়িত চিকিৎসা গ্রহণ করছেন।
মতামত দিন