আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে চুরির খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বুধবার বাগেরহাট জেলা পুলিশের বরাত দিয়ে জানানো হয়, প্রকৃতপক্ষে সেখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। ঝড়-বৃষ্টির সময় বাসার বাইরের সার্ভিস লাইনের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে গেলে অজ্ঞাত ব্যক্তিরা সেগুলো নিয়ে যায়।
পুলিশ সদর দপ্তর জানায়, মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে আইজিপির বাসায় চুরির সংবাদ প্রকাশিত হয়, যা তাদের নজরে এসেছে। তবে যাচাই-বাছাই ছাড়া এমন খবর প্রচার করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়।
ঘটনার বিবরণে বলা হয়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে। পরে সেগুলো নিয়ে যায় কিছু ব্যক্তি।
এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করেছে এবং জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)।
পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে