জনআস্থা ফেরাতে কার্যকর ও জনবান্ধব পুলিশ গড়ার প্রত্যয় আইজিপির
জনগণের আস্থা পুনরুদ্ধার এবং সমাজে শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শনিবার (২৪ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইনসে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদ দমনে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় বক্তব্য দেওয়ার পর স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম এবং খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। এ ছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
আইজিপি বলেন, গত ১৭ বছরে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা কমিয়ে আনতে চায় পুলিশ। ৫ আগস্টের পর নতুন উদ্যম ও দৃঢ় প্রত্যয় নিয়ে পুলিশ আবারও কাজ শুরু করেছে। জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলে মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী প্রতিষ্ঠা করাই তাঁদের লক্ষ্য।
তিনি জানান, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে সম্মিলিত ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সফল হওয়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আইজিপি বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বর্তমানে যৌথ অভিযান চলছে। এসব অভিযান আরও গতিশীল ও কার্যকর করার ওপরও সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালনার একটি নীতিমালা অনুমোদন করেছে।
অতীতে কমিউনিটি পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায়ের অভিযোগের কথাও স্বীকার করেন আইজিপি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে আইনগত কাঠামোর মধ্যেই কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে তাঁদের সহযোগিতা কামনা করেন পুলিশপ্রধান। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
পরে আইজিপি খুলনা রেঞ্জের ডিআইজির কার্যালয় পরিদর্শন করেন। সেখানে খুলনার বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
সূত্র: বাসস
মতামত দিন