ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
নবীন পুলিশ সদস্যদের ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে কোনো ধরনের ভয়-ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করা যাবে না। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করে তাদের আস্থা অর্জন করতে হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম ভিত্তি হলো স্বচ্ছতা ও জবাবদিহি। অপরাধ দমনে কঠোর হলেও সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, মানবিক ও বন্ধুসুলভ আচরণ করতে হবে। সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
আইজিপি দ্রুত পরিবর্তনশীল অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, সাইবার অপরাধ, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোসহ প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা বাড়াতে হবে।
প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের সন্তানরা আজ থেকে রাষ্ট্রসেবার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’—এই আদর্শ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ এসআইদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।
মতামত দিন