গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে জেলায় গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি সেখানে পৌঁছান। এ সফরে আইজিপির সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার বর্তমান নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এ ছাড়া জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তাঁদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ও ভাঙচুরের একাধিক ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে। ওই দিন পুলিশের একটি গাড়িতে হামলার পাশাপাশি টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়।
একই দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়ি, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বারেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে কয়েকটি স্থাপনায় আগুন দেওয়া হয়।
এসব ঘটনার পর জেলার নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। আইজিপিসহ তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এ সফরকে জেলার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন