ডেপুটি স্পিকারের সঙ্গে আইএফইএস প্রতিনিধিদলের বৈঠক
আন্তর্জাতিক নির্বাচনী ব্যবস্থা ফাউন্ডেশন (আইএফইএস)-এর তিন সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে।
বুধবার (২৫ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিনিধি দলে ছিলেন জন জোসেফ লিস, নানাদ মারিনকোভিচ এবং মারিয়া চৌধুরী।
সাক্ষাৎকালে তারা সংসদের কার্যক্রম, মৌলিক গবেষণামূলক প্রকল্প চালুর সম্ভাবনা, সংসদের সংস্কৃতি ও রীতিনীতি, ই-পার্লামেন্ট কার্যক্রমে ইতালিয়ান সফটওয়্যার ব্যবহার, লেজিসলেটিভ ও প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং সংসদীয় কমিটির সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া সংসদীয় কমিটির কার্যক্রম আরও জোরদার করা, সংসদকে অধিক জবাবদিহিমূলক করা, সংসদের ইতিহাস ও ঐতিহ্য, বাজেট বরাদ্দ, সরকারি হিসাব কমিটির কার্যক্রম এবং বিরোধী দলের ওয়াকআউটের রীতি নিয়েও মতবিনিময় হয়।
বৈঠকে ডেপুটি স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সংসদকে গণতন্ত্রের কার্যকর কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিনিধিদল ডেপুটি স্পিকারের বক্তব্যে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করে।
এ সময় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে