Views Bangladesh Logo

আইন-নীতি ভঙ্গ করলে এই সংসদ বেশিদিন চলবে না: স্পিকার

জাতীয় সংসদে একে অপরের বক্তব্যে বাধা দেওয়া এবং হট্টগোলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সংসদের কার্যপ্রণালির বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেছেন, আইন-নীতি ভঙ্গ করলে এই সংসদ বেশিদিন চলবে না।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সভাপতিত্বকালে সংসদ সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আজকে একে অপরকে কথা বলার সুযোগকে যেভাবে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখেছি, এটা সংসদের জন্য ভালো লক্ষণ না।

তিনি বলেন, অনেক কষ্টের পরে গণতন্ত্র অর্জিত হয়েছে। গণতন্ত্র যাতে বহাল থাকে, সে জন্য প্রতিটি সংসদ সদস্যের দায়িত্ব রয়েছে। এ সময় সংসদের কার্যপ্রণালির বিধিমালা পড়ার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

স্পিকার বলেন, স্পিকার যখন কথা বলে তখন সবাইকে বসে শুনতে হয়। এই আইন-নীতি যদি না মানেন, ভঙ্গ করেন তাহলে এই সংসদ বেশিদিন চলবে না।

এদিন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্পূরক প্রশ্ন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের প্রসঙ্গ তুলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সফল হয়েছেন কি না।

জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর সংসদে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তিনি বলেন, যদি কথাই না বলতে দেন, তাহলে কীসের বাকস্বাধীনতা।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানান। তিনি বলেন, তার বক্তব্যে এভাবে মন্তব্য করা হলে সংসদে বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করারও দাবি জানান তিনি।

পরে স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, সংসদে কথা বলার স্বাধীনতা সবার রয়েছে। একজনের বক্তব্যের জবাব অন্যজন যুক্তির মাধ্যমে দিতে পারেন, কিন্তু কারও কথা বলার স্বাধীনতা হরণ করা যাবে না।

তিনি বলেন, শব্দ করে বিচারের বাণীকে স্তব্ধ করা যাবে না। আমাকে সংসদ পরিচালনা করতে দিন।

স্পিকার আরও বলেন, তিনি নিজের জ্ঞান-বুদ্ধি দিয়ে সংসদ পরিচালনার চেষ্টা করছেন। জাতীয় সংসদে গত ৪০ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতেও সংসদে অনেক খারাপ রেকর্ড রয়েছে। তবে অতীতের তুলনায় বর্তমান সংসদ ভালো হয়েছে বলে তিনি মনে করেন।

সংসদ পরিচালনায় উভয় পক্ষের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদে পারস্পরিক মতপার্থক্য থাকলেও তা নিয়ম মেনে প্রকাশ করতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ