বিনা অপরাধে লতিফ সিদ্দিকীর ফাঁসি হলে সাদরে গ্রহণ করব: কাদের সিদ্দিকী
মতিঝিলের শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখানোর পর তাকে হাতকড়া পরানো এবং মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)। তিনি বলেন, বিনা অপরাধে লতিফ সিদ্দিকীর ফাঁসি হলে আমরা তা সাদরে গ্রহণ করব।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী বলেন, হাতকড়া পরানো নিয়ে আমার কোনো আপত্তি নেই।
তিনি বলেন, এটা সরকার বুঝবে। আমাদের হাতেও বহুবার হাতকড়া পড়িয়েছে। এতে আমরা খারাপ কিছু মনে করি না। বিয়ের সময় মেয়ের হাতে যেমন চুড়ি পরানো হয়, আমরা হাতকড়াকেও তেমনই মনে করি।
তিনি অভিযোগ করেন, ‘নিষ্পাপ একজন মানুষকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে। আদালতে প্রত্যেক অভিযুক্তের নিজের বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে। লতিফ সিদ্দিকীও কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি।’
লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, তার বয়স এখন ৮৭ বছর। তিনি যদি এমন অপরাধে ফাঁসির দণ্ড পান, যা তিনি করেননি, তাহলে দুনিয়ায় তিনি যে ভুল-ত্রুটি করে থাকবেন, সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা পাবেন। তাই এমন রায় হলেও আমরা তা সাদরে গ্রহণ করব।
শাপলা চত্বরের হত্যাযজ্ঞের পরিকল্পনাকারী হিসেবে লতিফ সিদ্দিকীকে অভিযুক্ত করার বিষয়ে তিনি বলেন, তাকে পরিকল্পনাকারী বলা ঠিক নয়। সে সময় লতিফ সিদ্দিকী ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না; তিনি পাটমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং ওই সময় বিভিন্ন কারণে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কাছেও বিতর্কিত ছিলেন। পরবর্তীতে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়।
আওয়ামী লীগ সরকারের আমলের ঘটনার দায় এখন তার ভাইকে বহন করতে হচ্ছে—এমন মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। তবে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই লড়াই চালিয়ে যাব।
মতামত দিন