জামায়াত ক্ষমতায় এলে সবাই সম্মানের সঙ্গে অধিকার পাবে: শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে হত্যার মাধ্যমে একটি উগ্রপন্থি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তারা দেশকে এক দগ্ধ চিতায় পরিণত করতে চেয়েছিল।’
সোমবার (২ ডিসেম্বর) সকালে ঝালকাঠিতে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের দায়িত্বশীল মুসলমানেরা এই উগ্রপন্থি গোষ্ঠীর ফাঁদে পা দেননি। আমরা ধৈর্য ধরেছি এবং দেশের মানুষকে শান্ত রেখেছি। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানরা মিলেমিশে শান্তিতে বাস করবে। কোনো ধর্মীয় উপাসনালয় পাহারা দেয়ার প্রয়োজন হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে আদালত, অফিস কিংবা অন্য কোথাও কেউ অপমানিত হবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই, যেখানে কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাবে এবং শ্রমিকরা তাদের কঠোর পরিশ্রমের যথাযথ মজুরি পাবে। জামায়াত ক্ষমতায় এলে কারও অধিকার ভিক্ষা করতে হবে না। সবাই সম্মানের সঙ্গে তাদের অধিকার পাবে।’
জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রধান নায়ক ও অধিনায়ক ছিলেন আবু সাঈদ। তিনি তার অধিকার দাবি করেছিলেন; কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা তাকে স্যালুট জানাই।’
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন এবং দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে জামায়াত নেতা মাসুদ সাঈদী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে