সৌদিতে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিকের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া গেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত ওই সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন , নাটোরের নলডাঙ্গা উপজেলার দুইজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।
আত্রাই উপজেলার নিহতরা হলেন—গন্ডগোহালী গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, বজলুর প্রামাণিকের ছেলে কলিমুদ্দিন, গুফফার প্রামাণিকের ছেলে মোহন ও সুমন, খড়স্রোতা গ্রামের মজনুর ছেলে মজিদুল ও আব্দুল জলিল, উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, সাদনগর গ্রামের সাগর এবং একই উপজেলার মিনহাজ।
নলডাঙ্গার দুই নিহত হলেন—দিঘীরপাড় গ্রামের শামীম ও খাজুরা গ্রামের সাব্বির। অপর নিহত ব্যক্তি হলেন রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল।
মন্ত্রণালয় জানিয়েছে, এসব পরিচয় প্রাথমিক তথ্যের ভিত্তিতে পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই চলছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে অগ্নিকাণ্ড ও নিহতদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
মতামত দিন