আইডিয়া প্রকল্পের ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম শুরু হচ্ছে
তরুণ প্রজন্মকে সৃজনশীল উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবায়নে সহায়তা করতে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’ আয়োজন করতে যাচ্ছে ‘ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম’।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রোগ্রামটি তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক ও শিক্ষার্থীদের একত্রিত করে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে তরুণরা ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান গ্রহণের সুযোগ পাবেন।
এরই আলোকে আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে অংশগ্রহণ করতে ইচ্ছুক স্টার্টআপদের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজিত হবে বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভেশন ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মাধ্যমে তরুণ ছাত্র-ছাত্রী, উদ্ভাবক ও উদ্যোক্তাদের সরাসরি ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া, উক্ত ক্যাম্পেইনে আবেদন প্রক্রিয়া ও কার্যক্রম সম্পর্কেও তরুণ উদ্যোক্তাদের অবহিত করা হবে।
স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, জলবায়ু, পোশাক শিল্প, লজিস্টিক্স, ফিনটেক, আইটি, ই-কমার্সসহ প্রায় সকল প্রকার ইন্ডাস্ট্রি ক্যাটেগরিতে উদ্ভাবক ও স্টার্টআপগণ আবেদন করার সুযোগ পাচ্ছেন। দেশের সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ বিচারকদের মাধ্যমে আবেদনকারী স্টার্টআপদের যাচাই-বাছাই এবং পিচিং শেষে অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে ‘ন্যাশনাল ইউথ সামিট ২০২৫’ এ। এ বিষয়ে আবেদনকারীরা আইডিয়া প্রকল্পের ওয়েবসাইট (www.idea.gov.bd) থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করতে আইডিয়া প্রকল্পের অনুদানপ্রাপ্ত স্টার্টআপদের সাফল্যের গল্প তুলে ধরা হবে। পাশাপাশি, ‘বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে আইডিয়া প্রকল্পের ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ সেমিনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে আইডিয়া প্রকল্পের।
এই উদ্যোগ তরুণদের উদ্ভাবনী শক্তি ও সক্ষমতাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে সহায়ক হবে বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে