Views Bangladesh Logo

খুমেক হাসপাতালে আগুন: স্থানান্তরের সময় আইসিইউ রোগীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার একজন আইসিইউ রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের চারতলা ভবনের তিনতলায় পুরনো আইসিইউ ইউনিটের পাশে একটি স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়লে মুমূর্ষু রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এমন অবস্থার মধ্যে আইসিইউ-১ থেকে ১৫ জন রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। স্থানান্তর প্রক্রিয়ার সময় একজন রোগী মারা যান।

এছাড়া অগ্নিকাণ্ডের আগেই ভোর ৫টার দিকে আরও একজন রোগীর মৃত্যু হয়েছিল বলে জানান কর্মকর্তারা।

আগুনের ভয়াবহতা ও ধোঁয়ায় পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীরা হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে আসেন। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র নার্স নওরিন, দীপালি ও শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ।

আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুমার জানান, ধারণা করা হচ্ছে পুরনো আইসিইউ ইউনিটের পাশে অব্যবহৃত সরঞ্জাম ও কাপড় রাখা স্টোররুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে থাকা বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ও একটি পুরনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে এবং পুরো ভবনে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কিছু গেট তালাবদ্ধ থাকায় উদ্ধারকাজে শুরুতে বেগ পেতে হয় এবং অগ্নি নির্বাপক কর্মীদের সেগুলো ভেঙে ভেতরে ঢুকতে হয়। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের বারান্দা থেকে ৪-৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটরার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ