Views Bangladesh Logo

আশুলিয়ায় ৬ লাশ পুড়িয়ে হত্যার মামলার রায় আজ

জুলাই অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন আজ বৃহস্পতিবার ধার্য রয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত রোববার এ দিন নির্ধারণ করেন।

এর আগে গত ২০ জানুয়ারি মামলার যুক্তিতর্ক শেষ হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখা হয়। সেদিন আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান। প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন আটজন। তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার।

পলাতক আসামিরা হলেন—সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ (রনি), সাবেক পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান, নির্মল কুমার দাস (অপারেশন), সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা এবং স্থানীয় যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়া।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে নিহত পাঁচজনের লাশ ও আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়।

গত বছরের ২ জুলাই প্রসিকিউশন ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরে ২১ আগস্ট ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় একজন আসামি এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ