Views Bangladesh Logo

হাসানুল হক ইনুর পুনঃতদন্ত আবেদন খারিজ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলার পুনঃতদন্ত চেয়ে করা জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইনুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি মামলাটির পুনঃতদন্তের আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।

ইনুর আরেক আইনজীবী সিফাত মাহমুদ শুভ জানান, গত ১ এপ্রিল পুনঃতদন্ত চেয়ে আবেদন করা হয় এবং বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত তা নাকচ করেন।

পুনঃতদন্তের আবেদনের পেছনে কারণ হিসেবে আইনজীবীরা জানান, সাম্প্রতিক সময়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থাকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এতে পুরো বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ থেকেই এ আবেদন করা হয়েছিল।

এর আগে গত ১০ মার্চ সাফাই সাক্ষ্য হিসেবে প্রায় ৬৪ পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা ট্রাইব্যুনালে জমা দেন হাসানুল হক ইনু। তবে মৌখিক সাক্ষ্য দেওয়ার সুযোগ না পাওয়ার অভিযোগও তোলেন তাঁর আইনজীবীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ