যাত্রাবাড়ী থানার সাবেক ওসিকে ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদ ১৫ ডিসেম্বর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা ১৫ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করবে। জুলাই-আগস্ট আন্দোলনের সময় কলেজ ছাত্র ইমাম হাসান তাইমের নৃশংস হত্যাকাণ্ডের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদার এই আদেশ দেন এবং প্রসিকিউশনের আবেদনে তা মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।
ট্রাইব্যুনাল একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৫ জানুয়ারি নির্ধারণ করেছে।
এর আগে গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল ইমাম হাসান তাইম হত্যার মামলায় আবুল হাসানকে গ্রেপ্তার দেখায়।
প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানান, ট্রাইব্যুনাল তাকে আইসিটি-বিডি মিসকেস ০৫/২০২৪-এ গ্রেপ্তার দেখিয়েছে। তিনি প্রথম আসামি, যাকে ট্রাইব্যুনালের দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাইম নারায়ণগঞ্জের আদমজীনগর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ২০ জুলাই কাজলা ফুট ওভার ব্রিজের কাছে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ হন।
পুলিশ তাকে আহত অবস্থায় যাত্রাবাড়ী থানায় নিয়ে যায় এবং সেখানেই তাকে নির্যাতন করে ও মুখ বিকৃত করে মৃত্যু নিশ্চিত করা হয় বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।
এর আগে ২০ নভেম্বর, আইসিটি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় আবুল হাসানসহ সাত সাবেক নিরাপত্তা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখায়।
গ্রেপ্তার হওয়া অন্যান্য সাত জন হলেন- এনটিএমসি'র সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহেল কাফি, মিরপুর জোনের সাবেক উপকমিশনার মো. জসিম উদ্দিন মোল্লাহ, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুর ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম এবং গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক পরিদর্শক আরাফাত হোসেন।
সেই দিন ট্রাইব্যুনাল মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য ১৯ ডিসেম্বর নির্ধারণ করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে