আত্মসমর্পণের নির্দেশ দিয়ে শেখ হাসিনা, কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি জারি
জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৭ জুন) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা আগামী ৭ দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে অনুপস্থিতিতেই মামলার বিচারকাজ চলবে।
এর আগে সোমবার (১৬ জুন) একই মামলায় এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির করতে দেশের দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ জুন ধার্য করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় চলতি বছরের ১ জুন শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী মামুন। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে