আইসিডিডিআর,বি থেকে হাজারের বেশি কর্মী ছাঁটাই
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারের বিদেশি কর্মসূচির জন্য তহবিল বন্ধের সিদ্ধান্তের ফলে এক হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (যোগাযোগ) এ কে এম তারিফুল ইসলাম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ছাঁটাই হওয়া কর্মীরা মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পে যুক্ত ছিলেন।
তারিফুল বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনার পর আমরা তাদের অর্থায়নে পরিচালিত সব প্রকল্প ও গবেষণা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের সেবাগ্রহীতা, বিভিন্ন অংশীদার ও সহকর্মীদের এই পরিস্থিতির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আবার কার্যক্রম শুরু করতে পারবো বলে আশাবাদী।’
উল্লেখ্য, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে আগামী ৯০ দিনের জন্য সব দেশের জন্য তহবিল স্থগিত রাখার নির্দেশ দেন, যাতে সহায়তা কর্মসূচিগুলো পর্যালোচনা করা যায়। এর পর থেকেই ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত বিভিন্ন কর্মসূচি থেকে কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে