আগ্রাসী উদযাপনের মাশুল, আইসিসির শাস্তির মুখে পাকিস্তানের দুই পেসার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিনিদাদের তারৌবায় অনুষ্ঠিত প্রথম টেস্টে অতিরিক্ত আগ্রাসী উদযাপনের জন্য আইসিসির শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আব্বাস ও খুররম শাহজাদ। আইসিসির আচরণবিধির প্রথম স্তরের (লেভেল ওয়ান) অপরাধে দুজনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
এই ঘটনায় খুররম শাহজাদকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে, আর মোহাম্মদ আব্বাসকে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক তিরস্কার। আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়, যে ধারায় ব্যাটসম্যান আউট হওয়ার পর প্রতিপক্ষকে অপমান করতে পারে বা আগ্রাসী প্রতিক্রিয়া উসকে দিতে পারে; এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি নিষিদ্ধ।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে শাই হোপকে আউট করার পর তাঁর কাছাকাছি গিয়ে আগ্রাসীভাবে উদযাপন করায় শাহজাদকে এই শাস্তি দেওয়া হয়। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শেষ উইকেট হিসেবে জোমেল ওয়ারিক্যানকে আউট করার পর অতি উচ্ছ্বসিতভাবে উদযাপন করায় শাস্তি পান আব্বাস। প্রস্তাবিত শাস্তি দুই ক্রিকেটারই মেনে নেওয়ায় এ নিয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি জেফ ক্রোই এই শাস্তির প্রস্তাব দেন, আর মাঠের আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও রিচার্ড কেটেলবরো এবং তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপালের রিপোর্টের ভিত্তিতেই অভিযোগ আনা হয়।
গত ২৪ মাসে এটিই ছিল দুই ক্রিকেটারের প্রথম অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ হতে হয় তাকে।
মতামত দিন