Views Bangladesh Logo

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। স্লো ওভার রেটের কারণে অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ দলের সব খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে এই শাস্তির কথা নিশ্চিত করে আইসিসি।

আইসিসির বিবৃতিতে জানানো হয়, গত মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম বোলিং করেছে বাংলাদেশ। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট অন-ফিল্ড আম্পায়ারদের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। বাংলাদেশ ২ ওভার পিছিয়ে থাকায় মোট ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ম্যাচ রেফারির কাছে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একইসঙ্গে আরোপিত শাস্তি মেনে নিয়েছেন তিনি। এর ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ সমতায় রয়েছে উভয় দল। আগামীকাল বৃহস্পতিবার খুলনার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ