বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধিদল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসছে। রোববার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির প্রতিনিধিদল বাংলাদেশে আসতে পারে। সফরকালে দলটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে এবং তথ্য সংগ্রহ করে আইসিসি বোর্ডকে অবহিত করবে। তবে সফরসূচি বা প্রতিনিধিদলের সদস্যদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বিসিবি আরও জানিয়েছে, আইসিসি বোর্ড ও আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হবে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর।
আগামী ৭ জুন বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দফা বোর্ডে রদবদল হয়েছে। বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি বোর্ড পরিচালনা করছে।
আইসিসির সংবিধান অনুযায়ী, সদস্য দেশের ক্রিকেট বোর্ড পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ কারণে কোনো দেশে বড় ধরনের নির্বাচন হলে আইসিসি পরিস্থিতির ওপর নজর রাখে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে