বাংলাদেশে দুই প্রতিনিধি পাঠানোর কারণ জানাল আইসিসি
আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। তবে অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি সভায় অনুপস্থিতি এবং এরপরই আইসিসির প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। এবার সে বিষয়ে মুখ খুলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, সুশাসন ও নির্বাচনসংক্রান্ত বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতেই তাদের দুই সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। দলটিতে ছিলেন আইসিসি বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ এ এস মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) ও তাভেঙ্গোয়া মুকুহলানি (জিম্বাবুয়ে ক্রিকেট)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন ও পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রতিনিধি দলটি দেশটির বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছে।
আইসিসি আরও স্পষ্ট করে জানায়, প্রতিনিধি দলটি তাদের পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ফলাফল যথাসময়ে আইসিসি বোর্ডের কাছে জমা দেবে এবং এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না। ফলে এই সফর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদন, বিশ্লেষণ বা দাবি অনুমাননির্ভর বলে বিবেচিত হবে এবং তা আইসিসির আনুষ্ঠানিক অবস্থান প্রতিফলিত করে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে