Views Bangladesh Logo

ক্রিকেটের নিয়মকানুনে বড়সড় সংস্কার, অনুমোদন পেল আইসিসির ৭৩ নতুন নিয়ম

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্ব ক্রিকেটে এক নতুন যুগের সূচনা করতে একাধিক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির হাইভোল্টেজ বোর্ড সভায় টেস্ট ক্রিকেট, নারী ক্রিকেট এবং টি-টোয়েন্টি ফরম্যাটকে আরও আধুনিক ও আকর্ষণীয় করতে এমসিসি প্রণীত নতুন ক্রিকেট আইনের অংশ হিসেবে মোট ৭৩টি নিয়ম পরিবর্তনের বড় অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (৩১ মে) অনুষ্ঠিত হওয়া এই বৈঠকের সিদ্ধান্তগুলো সোমবার (১ জুন) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জানিয়েছে, ক্রিকেটের আধুনিকায়নে অনুমোদিত এই ৭৩টি বড় পরিবর্তন আগামী ২০২৬ সালের ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে পুরোপুরি কার্যকর হবে। এসব পরিবর্তনের মধ্যে মাল্টি-ডে বা বহুদিনের ম্যাচের শেষ ওভার সম্পন্ন করা এবং ব্যাটিং সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অন্তর্ভুক্ত রয়েছে।


টেস্ট ক্রিকেটে বলের রঙে পরিবর্তন, লালের বদলে গোলাপি
গত বৃহস্পতিবার আইসিসির নির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় প্লেয়িং কন্ডিশনে পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলী। এবারের সভায় সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি হলো, টেস্ট ক্রিকেটে দীর্ঘদিনের পুরোনো সমস্যা তথা আলোকস্বল্পতার সমাধান। খারাপ আবহাওয়া বা আলোক স্বল্পতার কারণে ম্যাচ যাতে বন্ধ না হয়, সেজন্য টেস্ট ম্যাচ চলাকালীন দুই দলের সম্মতিতে লাল বলের বদলে গোলাপি বল দিয়েও খেলা চালিয়ে যাবার সুপারিশ করা হয়েছে। এর ফলে আলোকস্বল্পতার কারণে অহেতুক খেলা বন্ধ হওয়ার সম্ভাবনা যেমন কমবে, তেমনি দর্শকরাও দীর্ঘ সময় ধরে টেস্টের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন।

বোলিং অ্যাকশন যাচাইয়ে ‘হক আই’
বোলিং অ্যাকশন যাচাইয়ে ‘হক আই’ প্রযুক্তি ব্যবহার করা হবে। বোলারদের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি আছে কি না তা মাঠেই যাচাইয়ের জন্য আম্পায়ারদের সুবিধা দেওয়ার কথা ভাবছে আইসিসি। বোলিং অ্যাকশন পরীক্ষা করতে ‘হক আই’ ডাটা ব্যবহারের সুযোগ পেতে পারেন আম্পায়াররা। হক-আই হলো একটি উন্নত ক্যামেরা-ভিত্তিক প্রযুক্তি, যা ক্রিকেটসহ বিভিন্ন খেলায় বলের গতিপথ ও খেলোয়াড়দের নড়াচড়া বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। বোলিং অ্যাকশন যাচাইয়ে হক-আই ব্যবহার করা হলে বোলারের হাত, কনুই ও শরীরের গতিবিধি অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা যায়। এর মাধ্যমে বোঝা যায়, বল ছাড়ার সময় কনুই অনুমোদিত সীমার বেশি বাঁকছে কি না। যদি কনুইয়ের বাঁক নির্ধারিত সীমা অতিক্রম করে, তবে সেই বোলিং অ্যাকশনকে সন্দেহজনক বা অবৈধ (চাকিং) হিসেবে চিহ্নিত করা হতে পারে। সহজভাবে বললে, বোলিং অ্যাকশন বৈধ কি না তা আরও নির্ভুলভাবে পরীক্ষা করার জন্য হক-আই প্রযুক্তি ব্যবহার করা হয়।

ওয়ানডেতে পানি পানের বিরতিতে কোচের মাঠে প্রবেশ
বর্তমানে ম্যাচ চলাকালীন পানি পানের বিরতিতে একাদশের বাইরে থাকা খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে থাকে। এ সময় মাঠে প্রবেশের অনুমতি পেতে পারেন প্রধান কোচও। খেলোয়াড়দের মত কোচও টিম জার্সি পরে মাঠে যাবে। এই নতুন নিয়ম যুক্ত হবে ওয়ানডে ক্রিকেটে। তবে টি-টোয়েন্টিতে ম্যাচ চলাকালীন পানি পানের বিরতিতে মাঠে প্রবেশের অনুমতি আছে প্রধান কোচের।


টি-টোয়েন্টি ম্যাচে কমানো হচ্ছে ইনিংস বিরতির সময়
আধুনিক ক্রিকেটের গতি আরও বাড়াতে ছোট সংস্করণের খেলা টি-টোয়েন্টিতেও আনা হয়েছে লক্ষণীয় পরিবর্তন। নতুন নিয়মে দুই ইনিংসের মাঝখানের বিরতির সময় ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ম্যাচের নির্ধারিত পানির বিরতির (ড্রিংকস ব্রেক) সময় দলগুলোর প্রধান কোচদের মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কৌশলগত আলোচনা বা পরামর্শ করার আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে।

আইসিসির এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে ক্রিকেটের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসবে। টেস্টে গোলাপি বলের ব্যবহার ওপেনিং নাইট টেস্টের পথ সুগম করবে। বোলিং অ্যাকশনের মাঠেই যাচাই সন্দেহভাজন বোলারদের জন্য চাপ বাড়াবে। ওয়ানডেতে কোচের মাঠে প্রবেশ ও টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি কমানো খেলার গতিশীলতা বাড়াবে। আগামী ৩০ মে আহমেদাবাদ সভায় এই প্রস্তাবগুলো কতটা সমর্থন পায় এবং ১ অক্টোবর থেকে তা কার্যকর হয় কি না, তা দেখার অপেক্ষা।

এদিকে ২০২৮ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে রাজনৈতিক ও দ্বিপাক্ষিক বাস্তবতা বিবেচনা করে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের মাটিতে না রেখে একটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ