Views Bangladesh Logo

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ছেলেদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন এনেছে। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় নতুন কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নেবে ১৪টি দল। নতুন ফরম্যাটে সেমিফাইনালের আগে থাকবে তিনটি ধাপ।

প্রথম ধাপে র‌্যাঙ্কিংয়ের তলানির তিনটি দল ‘সুপার সিরিজ’ খেলবে। রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই পর্বের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় ধাপে জায়গা করে নেবে।

দ্বিতীয় ধাপে ওই দলটি যোগ দেবে শীর্ষ ১১ দলের সঙ্গে। মোট ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সেরা একটি দল ‘সুপার ৭’ পর্বে উঠবে।

‘সুপার ৭’ পর্বে সাতটি দল একে অপরের বিপক্ষে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে। এই পর্ব শেষে শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনালে পয়েন্ট তালিকার শীর্ষ দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে, আর দ্বিতীয় ও তৃতীয় দল মুখোমুখি হবে অন্য সেমিফাইনালে।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এতে অংশ নেবে ২০টি দল।

প্রথম পর্বে পাঁচটি গ্রুপে ভাগ করা হবে দলগুলোকে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল ‘সুপার ১০’ পর্বে উঠবে।

সুপার ১০ পর্বে থাকবে দুটি গ্রুপ। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেবে।

সেমিফাইনালের বাকি দুটি স্থান নির্ধারণ হবে নতুন ‘এলিমিনেটর’ পর্বের মাধ্যমে। সেখানে সুপার ১০–এর প্রতিটি গ্রুপের দ্বিতীয় দল খেলবে বিপরীত গ্রুপের তৃতীয় দলের বিপক্ষে। দুই এলিমিনেটর ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে উঠবে।

সেমিফাইনাল ও ফাইনাল আগের নিয়মেই অনুষ্ঠিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ