Views Bangladesh Logo

শর্ত মেনেছে আইসিসি, ইভেন্ট আয়োজনের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হওয়ার আগে আইসিসির কাছে কয়েকটি শর্ত দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই শর্ত মেনে নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং বাংলাদেশকে ২০৩১ এর মধ্যে আসন্ন আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর আইসিসি জানায়, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে আর্থিক, ক্রীড়াগত বা প্রশাসনিক কোনো শাস্তি দেওয়া হবে না। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানায়, পিসিবির সঙ্গে চলমান আলোচনার মধ্যেই এই ঘোষণা আসে।

শুধু তাই নয়, পাকিস্তান দলকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে রাজি করায় সমর্থন যোগানোর জন্য আগামী ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আইসিসি জানিয়েছে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মাঝে পারস্পরিক উন্মুক্ত, গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা সম্পন্ন করেছে। এই আলোচনায় আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সহ দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে একাধিক বিষয় উঠে আসে।’

আইসিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি প্রসঙ্গে দুঃখ প্রকাশ করলেও, ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা বিসিবিকে একটি মূল্যবান পূর্ণ সদস্য হিসেবে পুনরায় স্বীকৃতি দিয়েছে - যাদের গৌরবময় ক্রিকেট ঐতিহ্য এবং বৈশ্বিক ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইসিসি আরও নিশ্চিত করেছে যে, বিশ্বের অন্যতম প্রাণবন্ত ক্রিকেট বাজার, যেখানে ২০ কোটিরও বেশি উচ্ছ্বসিত ক্রিকেট সমর্থক রয়েছেন, সেখানে ক্রিকেটের বিকাশে তারা তাদের সহযোগিতা অব্যাহত রাখবে, যাতে বাংলাদেশ জাতীয় দলের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টি দেশের ক্রিকেটে দীর্ঘমেয়াদি কোনো নেতিবাচক প্রভাব না ফেলে।’

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে রাজি ছিল না এবং শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি করেছিল। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে সমাধান না হওয়ায় আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় এবং পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

বাংলাদেশকে বাদ দেওয়ার পর বিষয়টি জটিল হয়ে ওঠে। ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন এবং আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার ঘটনাও প্রেক্ষাপট হিসেবে আলোচনায় আসে।

এরই ধারাবাহিকতায় পাকিস্তান সরকার টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কটের ঘোষণা দেয় এবং বিষয়টিকে বাংলাদেশের ইস্যুর সঙ্গে যুক্ত করে। পরে পিসিবি আইসিসির সঙ্গে আলোচনায় বসে, যেখানে বিসিবির জন্য প্রতিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ