নাহিদ রানাকে না পাওয়ায় আক্ষেপ ইয়ান বিশপের
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণার আগেই চোটের কারণে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তার অনুপস্থিতিতে হতাশ হয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ইয়ান বিশপ। অস্ট্রেলিয়ার পেস-সহায়ক উইকেটে রানার আগুনঝরা বোলিং দেখার অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিশপ লেখেন, নাহিদ রানার জন্য তার খারাপ লাগছে। আরও অনেক ক্রিকেটপ্রেমীর মতো তিনিও অস্ট্রেলিয়ার কন্ডিশনে রানাকে বল করতে দেখার অপেক্ষায় ছিলেন। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলিং ও কার্যকর বাউন্সারে আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন এই বাংলাদেশি পেসার। তার প্রশংসা করেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসসহ বিশ্বের অনেক সাবেক তারকা ক্রিকেটার।
এ পর্যন্ত ১২টি টেস্টে ৩৮ উইকেট নিয়েছেন নাহিদ রানা, যার মধ্যে দুইবার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে। ওয়ানডেতেও ১৫ ম্যাচে তিনবার পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ২১ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩২ ম্যাচে তার উইকেট সংখ্যা ৭৮।
চোটের কারণে রানাকে না পাওয়াকে বড় ধাক্কা হিসেবে দেখছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও। তিনি বলেন, নাহিদ একজন বিশেষ ধরনের বোলার, যাকে না পাওয়ার আক্ষেপ থাকবেই। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকেতে।
মতামত দিন