Views Bangladesh Logo

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চাই না: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে কোনো অজুহাত দেখিয়ে দায়িত্ব এড়িয়ে যেতে চান না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমস্যাগুলো সরকার চিহ্নিত করছে এবং সমাধানে নিরন্তর কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনির্বার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনগণের ভোগান্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানুষ অবশ্যই কষ্টের মধ্যে আছে। সরকার নিজেদের সামর্থ্য, অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে জনগণকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে কাজ করছে।

তিনি বলেন, “অজুহাতের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাই না। সমস্যা আছে, আমরা জানি। আমরা সেই সমস্যাকে চিহ্নিত করতে চাই। সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি।”

তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ বিদ্যুৎ ও গ্যাস সংকটে ভুগছেন। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার এই জ্বালানি খাতকে তাদের পকেট ভারী করার খাত হিসেবে বিবেচনা করেছে। স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যে সেক্টরকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরকে পুনর্গঠন করতে হলে সময়ের প্রয়োজন।

গ্যাস সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে গ্যাস আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে মালয়েশিয়াও সহযোগিতার আশ্বাস দিয়েছে।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা এবং বিভক্ত প্রশাসন পেয়েছেন দাবি করে তারেক রহমান বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুনর্গঠনের প্রয়োজন রয়েছে।

জুলাই-আগস্টের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল সম্পূর্ণ জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। এই সফলতার কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ঘোষিত ৩১ দফা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণ এই কর্মসূচির পক্ষে রায় দিয়েছে। তাই এটি এখন শুধু বিএনপির নয়, জনগণের ৩১ দফায় পরিণত হয়েছে।

তিনি বলেন, ৩১ দফার মূল লক্ষ্য হলো জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং একই সঙ্গে রাষ্ট্র পুনর্গঠন করা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ