Views Bangladesh Logo

‘২ কোটির নিচে নেব না’, লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরাল

ঠিকাদারি বিল পাস, প্রকল্পের মালামাল অনুমোদন ও বিপুল অঙ্কের আর্থিক লেনদেন সংক্রান্ত দরকষাকষির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ওই ভিডিওতে ওই কর্মকর্তাকে বলতে শোনা যায়, তিনি দুই কোটি টাকার নিচে নেবেন না।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত থেকে ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে নুরুল আমিন হিসেবে চিহ্নিত ব্যক্তি ও অপর এক পক্ষের কথোপকথনে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজে ব্যবহৃত ‘ক্রস আর্ম’ সরবরাহ, ঠিকাদারদের বকেয়া বিল আটকে রাখা, মালামালের হিসাব মিটানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনার বিষয়টি উঠে আসে।

একপর্যায়ে ঠিকাদারের বিল ছাড়করণের প্রসঙ্গে ওই কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি দুই কোটি টাকার নিচে নেব না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবো। দেখি চেয়ারম্যান কী কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে।’

তবে ছড়িয়ে পড়া এই ভিডিও ক্লিপটির সত্যতা কিংবা এর নিরপেক্ষতা যাচাই করা সম্ভব হয়নি। এটি কবে, কোথায় ও কার দ্বারা রেকর্ড করা হয়েছে কিংবা ভিডিওটি সম্পাদিত (এডিটেড) কি না—তা নিশ্চিত হওয়া যায়নি। বিজ্ঞাপিত ওই অডিও-ভিডিওতে উল্লিখিত অর্থের সাথে বাস্তবে কোনো আর্থিক লেনদেন সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়েও কিছু জানা যায়নি।

কথোপকথনে উঠে আসা অভিযোগ ও ভিডিওটির সত্যতা বিষয়ে বক্তব্য জানতে পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন এবং উপ-সহকারী প্রকৌশলী সবুজ মিয়ার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ