‘গানে আর ফেরা হবে না’, চারবার স্ট্রোকের পর আবেগঘন বার্তা রিংকুর
চারবার স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর সংগীতজীবনে আর ফিরবেন না বলে জানিয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত জনপ্রিয় লোকসংগীতশিল্পী মশিউর রহমান রিংকু। বর্তমানে তিনি নিজ গ্রামে কৃষি খামার নিয়ে সময় কাটাচ্ছেন।
সম্প্রতি ‘পথের গল্প’ নামের একটি ট্রাভেল ডকুমেন্টারিতে অংশ নিয়ে নিজের শারীরিক অবস্থা, সংগীতজীবন এবং বর্তমান জীবনযাপন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
রিংকু জানান, ২০২০ সাল থেকে একাধিকবার স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শরীরের এক পাশ অবশ হয়ে যায়। এ কারণে আগের মতো সংগীতে ফেরার সম্ভাবনা আর দেখছেন না তিনি।
রিংকু বলেন, চারবার স্ট্রোক হওয়ার পর বুঝেছি, সব আশা শেষ। এটা মেনে নিতে হবে, কারণ এটাই বাস্তবতা। আমি যেভাবে ফিরে আসতে চাই, সেভাবে আর সম্ভব নয়। পরিপূর্ণভাবে ফিরতে না পারলে ফিরে আসার প্রয়োজনও দেখি না। আমি না থাকলেও আমার গানগুলো থাকবে। শুধু চাই, আমার গানগুলো যেন হারিয়ে না যায়।
আলাপচারিতায় একসময়কার ঘনিষ্ঠজনদের নিয়েও আক্ষেপ প্রকাশ করেন এই শিল্পী। তিনি বলেন, শহরের মানুষের ভালোবাসা অনেক সময় কাজের সঙ্গে সম্পর্কিত হলেও গ্রামের মানুষের ভালোবাসা নিঃস্বার্থ ও আন্তরিক।
রিংকু আরও বলেন, এখন গ্রামের মানুষই আমার সবচেয়ে কাছের বন্ধু। আগের অনেকেই আর খোঁজ নেন না। তবে আমি কারও সহানুভূতি চাই না।
বর্তমানে গ্রামের মানুষের সান্নিধ্য ও ভালোবাসার মধ্যেই নতুন করে বেঁচে থাকার প্রেরণা খুঁজে পাচ্ছেন বলে জানান জনপ্রিয় এই লোকসংগীতশিল্পী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে