‘২ কোটি টাকার নিচে নেব না’, ভিডিও ছড়ানোর পর পিডিবির প্রকৌশলী সাময়িক বরখাস্ত
আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, মো. নুরুল আমিনের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৮২-এর ১৪১(১) বিধির অধীনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই বিধি অনুযায়ী তাকে পিডিবির চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে নুরুল আমিনকে বিভিন্ন প্রকল্পের মালামাল, ঠিকাদারদের বিল ও আর্থিক লেনদেন নিয়ে আলোচনা করতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমি ২ কোটি টাকার নিচে নেব না।’
ভিডিওতে ঠিকাদারদের বিল পরিশোধ এবং মালামাল সরবরাহ সংক্রান্ত কথোপকথনও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, ভিডিওটির বিষয়ে জানার পরপরই তিনি সংশ্লিষ্ট বিভাগকে নুরুল আমিনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরুরও নির্দেশ দেওয়া হয়েছে।
রেজাউল করিম বলেন, তদন্ত শেষ হওয়ার পর নুরুল আমিনের চাকরির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের ভেতরে থাকা কোনো অসাধু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিডিবি পিছপা হবে না।
মতামত দিন