Views Bangladesh Logo

দুর্নীতিতে জড়াব না, কাউকে জড়াতেও দেবো না: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী দিনের বাংলাদেশ গড়তে হলে শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে আমার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে না। কাউকেও দুর্নীতিতে জড়াতে দেওয়া হবে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি জাতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি বাঙালি জাতির মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রতীক। ভাষা মানুষের সবচেয়ে ব্যক্তিগত ও মৌলিক অধিকার এবং ভাষার সঙ্গে পরিবার, আবেগ ও চেতনার গভীর সম্পর্ক রয়েছে। এই অধিকার প্রতিষ্ঠায় বাঙালিদের আত্মত্যাগ করতে হয়েছে।

তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—ত্যাগ ও সংগ্রাম ছাড়া কোনো জাতি অধিকার অর্জন করতে পারে না। সাম্প্রতিক সময়েও অধিকার আদায়ে আন্দোলন ও আত্মত্যাগ প্রয়োজন হয়েছে।

দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণই সবচেয়ে বড় অর্জন।

শিক্ষা মন্ত্রণালয়কে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র গঠনের ভিত্তি হলো শিক্ষা। ভিত্তি দুর্বল হলে উঁচু কাঠামো নির্মাণ অর্থহীন। তাই শিক্ষাব্যবস্থার অবকাঠামো শক্তিশালী করা সবার দায়িত্ব।

শিক্ষার মানোন্নয়নে তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কারিকুলাম হতে হবে মানসম্মত, শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করতে হবে এবং সারা দেশে শিক্ষার মানে সামঞ্জস্য ও ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ